নিজস্ব প্রতিবেদক:
পুলিশের দায়িত্ব পালনের ভিডিও এখন নিয়মিত দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুসন্ধানে পুলিশ সদস্যদের পরিচালিত এমন ১০৭টি পেজ ও অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে।
এসব অ্যাকাউন্টে পুলিশি অভিযান, সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন ও সচেতনতামূলক বিভিন্ন ভিডিও প্রকাশ করা হচ্ছে। কয়েকটি অ্যাকাউন্টের অনুসারী ১৬ লাখ পর্যন্ত। কিছু ভিডিও দেখা হয়েছে লাখ লাখবার।
পুলিশ সদস্যদের কেউ কেউ বলছেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং পুলিশের কার্যক্রম তুলে ধরতেই এসব ভিডিও করা হয়।
তবে মানবাধিকারকর্মী ও গবেষকদের মতে, ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ভিডিও প্রকাশে নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে। তদন্তাধীন ঘটনায় কাউকে ক্যামেরার সামনে উপস্থাপন নিয়েও প্রশ্ন রয়েছে।
পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দায়িত্ব পালনের ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। এমন কর্মকাণ্ডকে অসদাচরণ ও কর্তব্যে অবহেলা হিসেবে বিবেচনা করা হতে পারে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের পোশাক পরে ব্যক্তিগত অ্যাকাউন্টে কনটেন্ট তৈরির সুযোগ নেই। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
