‘পুলিশ ধরবে, ম্যাজিস্ট্রেট জামিন দেবে’—এসপিকে লিগ্যাল নোটিশ



নিজস্ব প্রতিবেদক
:  বিচারাধীন মামলায় আসামিদের জামিন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অভিযোগে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু গত ২০ সেপ্টেম্বর জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে বিচার বিভাগের স্বাধীনতা, আদালতের মর্যাদা এবং সম্ভাব্য আদালত অবমাননার বিষয়টি তুলে ধরা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা সভায় এসপি আনিসুজ্জামান মন্তব্য করেছেন—‘পুলিশ আসামি ধরবে আর ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিবে, তা হয় না।’ তাঁর বক্তব্যের প্রকৃত ভাষা, প্রেক্ষাপট ও আইনগত ভিত্তি লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

নোটিশে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার উল্লেখ করে বলা হয়, জামিন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট আদালতের বিচারিক এখতিয়ার। কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেই আদালত তাকে জামিন দিতে পারবে না—এমন সাধারণ বিধান নেই।

লিগ্যাল নোটিশে আরও জানতে চাওয়া হয়েছে, এ ধরনের মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতা ও আদালতের মর্যাদায় কোনো প্রভাব ফেলতে পারে কি না।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না পেলে হাইকোর্টে আইনগত প্রতিকার চাওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post